প্রফেসর জনাব মোঃ আফলাতুন ১৯৭০-এর দশকের শুরুতে চাঁদপুরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা একজন দেওবন্দি আলেম ছিলেন, যিনি ছোটবেলা থেকে তাঁর মাঝে ইসলামী চেতনা ও শিক্ষার প্রতি ভালোবাসা গড়ে তোলেন। শিশুকাল থেকেই তিনি শিক্ষকদের প্রিয় পাত্র ছিলেন। ১৯৮১ সালে তিনি রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি ও ১৯৮৪ সালে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি লাভ করেন।
তিনি একাধিক উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি সিভিল সার্ভিস কলেজ (ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত) থেকে "গভর্ন্যান্স অ্যান্ড পাবলিক পলিসি" বিষয়ে মাস্টার্স ইন পাবলিক অ্যাফেয়ার্স ডিগ্রি লাভ করেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে তিনি এমফিল ও পিএইচডি গবেষণার জন্য দুটি সম্মানজনক ফেলোশিপ লাভ করেন। তাঁর এমফিল গবেষণার শিরোনাম ছিলো: "Ascertainment of Good Governance in the Government Colleges of Bangladesh : Challenges and Prospects", যেখানে তিনি সরকারি কলেজসমূহে বিদ্যমান নানান সমস্যার বিশ্লেষণ করেন। তাঁর পিএইচডি গবেষণার শিরোনাম ছিল: "Governance Practices in the Government Colleges of Bangladesh : A study on the Recruitment of Principals"। উক্ত অভিসন্দর্ভে তিনি সরকারি কলেজসমূহে অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান ত্রুটি ও অদক্ষতা চিহ্নিত করে সমাধানের সুপারিশ প্রদান করেন।
মাস্টার্স পরীক্ষার পরপরই তিনি নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ, ধামরাই, ঢাকায় শিক্ষকতা পেশা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তিনি প্রতিষ্ঠা করেন “প্রচেষ্টা ক্যাডেট একাডেমি” নামের একটি ছায়া শিক্ষা প্রতিষ্ঠান, যা বাংলাদেশের বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা করতো। তাঁর বহু প্রাক্তন শিক্ষার্থী সামরিক, সরকারি ও বেসরকারি খাতে নেতৃত্বের ভূমিকা পালন করছেন।
তিনি ২০০১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। শিক্ষক হিসেবে যেমন জনপ্রিয়, প্রশিক্ষক হিসেবেও তিনি সমধিক সমাদৃত। তিনি কুমিল্লা, যশোর, রংপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কাজ করেছেন।
তিনি গাজীপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (BMTTI)-এ প্রভাষক ও সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফেনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত হন এবং কুড়িগ্রাম সরকারি কলেজে ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৫ সালে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজ, গাজীপুর-এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি NAEM, IER, TQI, PROMOTE, ELTIP ও SEQAEP সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তিনি দেশের হাজারো শিক্ষক ও শিক্ষা প্রশাসককে প্রশিক্ষণ দিয়েছেন এবং বিভিন্ন বিশেষ ক্ষেত্রে যেমন: CLT (কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং), HT (প্রধান শিক্ষক প্রশিক্ষণ) এবং এইডস শিক্ষা বিষয়ে মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করেছেন।
"আফলাতুন স্যার" নামে সমধিক পরিচিত প্রফেসর মোঃ আফলাতুন বাংলাদেশের শিক্ষা অঙ্গনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, শিক্ষক প্রশিক্ষক, শিক্ষা প্রশাসক ও লেখক। তাঁর একাডেমিক সাফল্য যেমন বিস্তৃত, তেমনি জাতীয় শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানও বৈচিত্র্যময়।
তিনি দৈনিক প্রথম আলো, আমার দেশ ও দৈনিক দিনকাল-সহ দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। তাঁর চিন্তাশীল ও শিক্ষামূলক প্রবন্ধ পাঠক ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।
তাঁর অদম্য নিষ্ঠা, গবেষণালব্ধ অন্তর্দৃষ্টি এবং মানসম্পন্ন শিক্ষার প্রতি দায়বদ্ধতা তাঁকে বাংলাদেশের শিক্ষাজগতে একজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ, শিক্ষা প্রশাসক এবং চিন্তাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।